ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফ্যাসিস্ট দলের নেতাকর্মীর জামিন হলেই গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ফ্যাসিস্ট দলের নেতাকর্মীর জামিন হলেই গ্রেপ্তার দেখানোর নির্দেশ
×

 রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ বা ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী আদালত থেকে জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী ও সংগঠিত করতে সক্ষম, তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। গত মঙ্গলবার তাঁর সই করা এক চিঠিতে রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ রয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে– কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই; প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘ইতোপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়।’ রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট– এই আট জেলার পুলিশ সুপারদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

এদিকে চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা চলছে। অনেকে আক্ষেপ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটাই বাংলাদেশের আইনের শাসন!’ তারা মনে করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল বুধবার ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বর্তমান সময়ে বেশ কিছু জঙ্গি সংগঠনের তৎপরতা দেখা যাচ্ছে। নির্দেশনটি তাদের জন্য; কোনো বিশেষ দল বা আওয়ামী লীগকে উদ্দেশ করে নয়। তবে অনেকেই মনে করছেন, চিঠিটি আওয়ামী লীগের উদ্দেশে। কিন্তু আমার চিঠিতে কোথাও আওয়ামী লীগ শব্দ নেই। কাজেই কেউ নিজ থেকে কিছু মনে করলে তা সঠিক হবে না। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এই চিঠি। চিঠিতে আমার স্বাক্ষরই আছে।’

আরও পড়ুন

×