চিহ্নিত ১৫ সমস্যা সমাধানে সময় দেওয়া হলো সাত দিন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫০
| প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া পৌর এলাকার ১৫টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাত দিন সময় বেঁধে দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। গতকাল বুধবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভাটি। এতে দাওয়াত ছাড়াই দলবল নিয়ে ঢুকে পড়েন জামায়াতে ইসলামীর নেতারা।
কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আমির হামজা। তিনি পৌর প্রশাসনের দুর্বলতা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় কুষ্টিয়া পৌরসভায় যানজট, বিশুদ্ধ পানি সংকট, মশার উপদ্রব, আবর্জনা অপসারণে অনিয়ম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, পৌরকর, পানির বিলের চাপসহ অন্তত ১৫টি সমস্যা চিহ্নিত করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমস্যাগুলো নোট করার নির্দেশ দিয়ে আমির হামজা বলেন, কিছু সমস্যা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে হবে। তবে বেশ কিছু সমস্যা তাৎক্ষণিক উদ্যোগে এক সপ্তাহের মধ্যে সমাধান করা সম্ভব। সাত দিনের জায়গায় যেন আট দিন না হয়– এ কথা উল্লেখ করে তিনি নির্ধারিত সময়ের ভেতর কাজ শেষ করার তাগিদ দেন।
সংসদ সদস্যের সঙ্গে পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়ে সভাটি আয়োজন করা হলেও সেখানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দল বেঁধে যোগ দেন। তারা সভাকক্ষের চেয়ারে বসে পড়েন। নাগরিক সমস্যা তুলে ধরে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ বেশ কয়েকজন নেতা।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শহরের নাগরিকদের ভোগান্তি দূর করা হবে। সেবার মান বাড়াতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এসব বিষয়ে বলেন, ‘এমপি আমির হামজার সঙ্গে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সমন্বয় কমিটির সদস্যদের মতবিনিময় সভা ছিল। সেখানে বাইরের কারও দাওয়াত ছিল না। এমপির সঙ্গে অনেকেই এসেছিলেন। তারা সমস্যা নিয়ে কথা বলেন।’
- বিষয় :
- সমস্যা
