ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশালে আইনজীবীদের আদালত বর্জনে বিচারপ্রত্যাশীদের দুর্ভোগ

হামলাকারী ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

বরিশালে আইনজীবীদের আদালত বর্জনে বিচারপ্রত্যাশীদের দুর্ভোগ
×

 বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৫

| প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার অনির্দিষ্টকাল আদালত বর্জন শুরু করেছেন। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আইনজীবীরা আদালতে যাননি। তবে বিচারকরা এজলাসে উঠে মামলার রুটিন কাজ করেছেন। এদিকে বুধবার বিচার কার্যক্রম চলার সময় এজলাসে হামলার অভিযোগে ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। 

আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি নিলেও মামলার কাগজ প্রস্তুত করে আদালতে পাঠাতে বিচারপ্রত্যাশীদের কাছ থেকে আগের মতোই ফি নিয়েছেন। অন্তত ১০ জন বিচারপ্রত্যাশীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

গতকাল দুপুরে আদালত ঘুরে দেখা গেছে, আইনজীবী সমিতির ভবনগুলোর প্রধান ফটক আটকানো। ভেতরে কয়েকজন আইনজীবী আড্ডা দিচ্ছেন। বেশির ভাগ আইনজীবী আদালত চত্বরের বিভিন্ন পয়েন্টে জটলা করছেন। অন্যদিকে আদালত কক্ষগুলোর সামনে বিচারপ্রত্যাশীর ভিড়। বিচারকরা এজলাসে উঠে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে আদালতের ভেতরে আইনজীবীরা নেই। আদালতের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। সকালে আইনজীবীরা আদালতপাড়ায় মিছিল করেন। আদালতের এজলাসে হামলা মামলায় আসামিদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছিল। তারা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে বুধবার গভীর রাতে তাদের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। 

কয়েকজন বিচারপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা যাওয়ার পর সংশ্লিষ্ট আইনজীবী মামলার সব কাগজপত্র প্রস্তুত করে মুহুরির মাধ্যমে আদালতে নথিভুক্ত করেন। আইনজীবীর অনুপস্থিতিতে বিচারকের সামনে কী বলতে হবে, তাও আসামিদের শিখিয়ে দেওয়া হয়েছে। 

এসবের জন্য মামলার অন্য তারিখের মতো আইনজীবী ফি নিয়েছেন বলে জানিয়েছেন সিয়াম নামে এক বিচারপ্রত্যাশী। নারী নির্যাতন মামলার এ আসামি জামিনে রয়েছেন। বৃহস্পতিবার নির্ধারিত তারিখে আদালতে মহানগর তৃতীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। 
নারী নির্যাতন মামলায় আসামি জাহিদুর রহমান ও তাঁর স্ত্রী আসমা পারভীন একই রকম তথ্য দেন। মামলার নির্ধারিত তারিখে হাজিরা দিতে তারা ঢাকা থেকে এসেছেন। 
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকনকে নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তারা জেলা ও মহানগরের সব আদালত বর্জন করেছেন। 

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম জানান, আদালতপাড়ায় জেলা ও দায়রা জজ আদালতের অধীনে ১৭টি, মহানগর আদালতের অধীনে পাঁচটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে ১২টি ও ১১টি ট্রাইব্যুনালসহ মোট ৪৫টি আদালত রয়েছে। তিনি দাবি করেন, সব আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছে। 
এদিকে আদালত সূত্রে জানা গেছে, আদালতের এজলাসে হামলার ঘটনায় অভিযুক্ত ১২ আইনজীবীর সনদ বাতিলের জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি। বরিশাল আদালতে গঠিত তদন্ত কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে বৃহস্পতিবার প্রতিবেদন পাঠিয়েছে। 

আরও পড়ুন

×