ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জলদস্যু নির্মূল না করলে সাগরে যাবে না ট্রলার

জলদস্যু নির্মূল না করলে সাগরে যাবে না ট্রলার
×

সাগরে সক্রিয় জলদস্যুদের নির্মূল করার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেন ট্রলার মালিক ও জেলেরা। বৃহস্পতিবার পৌর এলাকার গোলচত্বরে সমকাল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:২৮

| প্রিন্ট সংস্করণ

জলদস্যুদের নির্মূল করতে না পারলে উপকূলের জেলেরা সাগরে ট্রলার পাঠানো বন্ধ করে দেবেন। গতকাল বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রলার মালিক ও জেলেরা। দ্রুত সময়ের মধ্যে তারা জলদস্যু নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন। 

পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে আয়োজিত মানববন্ধনে ট্রলার মালিক আবুল হোসেন ফরাজি জানান, গত এক মাসে বঙ্গোপসাগরে ৫৬টি ট্রলারে ডাকাতি হয়েছে। এর মধ্যে ১১টি ট্রলারের জেলেদের অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। মুক্তিপণ আদায় করে কিছু জেলেকে ছেড়ে দেওয়া হলেও এখনও ১৭ জেলে বন্দি। 
জিম্মি ছেলেদের উদ্ধার ও সাগরের জলদস্যুদের নির্মূলের দাবি জানিয়ে আবুল হোসেন ফরাজি বলেন, না হলে উপকূলের জেলেরা সাগরে ট্রলার পাঠানো বন্ধ করে দিবে। ইতোমধ্যে অনেক জেলেকে বাড়িঘর বিক্রি করে স্বজনদের ছাড়িয়ে আনতে হয়েছে। এতে তারা নিঃস্ব হয়ে গেছেন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মাসুম কম্পানি, ট্রলার মালিক নজরুল ইসলাম, ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলাল মাঝি। 
ইউএনও ইসরাত জাহান বলেন, ‘হঠাৎ করে সাগরে জলদস্যুতা বেড়ে গেছে। আমরা জলদস্যু নির্মূলে সভা করেছি। যারা জলদস্যুদের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের খোঁজখবর নিয়ে যতুটুকু পেরেছি, সাহায্য করেছি।’ জেলেদের স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন

×