ঘুষের টাকাসহ গ্রেপ্তার পিআইওসহ দুজন
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩১
| প্রিন্ট সংস্করণ
ফেনীর সোনাগাজীতে ঘুষের টাকাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার অন্যজন হলেন একই কার্যালয়ের কার্যসহকারী আবু নাছের। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয় থেকে তাদের আটক করা হয়। তাদের এদিন বিকেল ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনাগাজী উপজেলায় পাঁচটি ব্রিজের কাজের বিল পাস করিয়ে দেওয়ার কথা বলে সাব-কন্ট্রাক্টর মো. হুমায়ুন কবিরের কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন পিআইও আল সাঈদ। টাকা না দেওয়ায় পিআইও তাঁর বিল পরিশোধ না করে উল্টো হয়রানি করতে থাকেন। ঠিকাদার হুমায়ুন কবির পরে পিআইওকে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে বিলের টাকার জন্য তাঁর কাছে ঘুরতে থাকেন। কিন্তু পিআইও আরও এক লাখ টাকা দাবি করেন। ওই টাকা না দিলে বিল পেতে দেরি হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে গত সোমবার ঠিকাদার হুমায়ুন কবির দুদক নোয়াখালী সমন্বিত কার্যালয়ে গিয়ে পিআইও আল সাঈদ ও কার্যসহকারী আবু নাছেরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে দুদক নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পিআইও অফিসে অভিযান চালানো হয়। এ সময় পিআইও এবং কার্যসহকারীর কাছ থেকে ঘুষের এক লাখ টাকা জব্দ করা হয়। বিকেল ৫টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির তথ্য-উপাত্ত পাওয়া যায়। এ সময় অসংগতি পাওয়া বেশ কিছু কাগজপত্র ও ফাইল জব্দ করা হয়েছে।
ঠিকাদার মো. হুমায়ুন কবির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযানে থাকা দুদকের উপপরিচালক ফারুক আহমদ বলেন, ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার পিআইও আল সাঈদ ও কার্যসহকারী আবু নাছেরের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গ্রেফতার
