ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নদীর পাশাপাশি খাল পুনঃখননেও জোর দেওয়া হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

নদীর পাশাপাশি খাল পুনঃখননেও জোর দেওয়া হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী
×

দুর্গাপুর পৌরসভায় মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৪

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নদী ও খাল খনন কেবল সৌন্দর্য বর্ধনের বিষয় নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সেচব্যবস্থার বিকল্প উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নদীর পাশাপাশি খাল পুনঃখননেও জোর দেওয়া হচ্ছে। শুধু নদী নয়, খাল খননও আমাদের নির্বাচনী ইশতেহারের কর্মসূচিতে রয়েছে।

শুক্রবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলে একসময় বহু খাল ছিল। সময়ের ব্যবধানে সেগুলোর অনেকগুলোই বেদখল হয়ে গেছে। কোথাও কোথাও অন্য মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় চলে গেছে। আমরা সবকিছু খতিয়ে দেখব। প্রাথমিকভাবে দুর্গাপুর উপজেলা প্রশাসন দুটি খাল খননের জন্য নির্বাচন করেছে। অচিরেই কাজ শুরু হবে।

ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন সম্পন্ন হলেও সেবাগ্রহীতারা তা সম্পর্কে অবগত নন। ২৪ ঘণ্টা খোলা থাকা কল সেন্টারসহ বিভিন্ন জনবান্ধব উদ্যোগের পর্যাপ্ত প্রচার হয়নি। শপথ নেওয়ার পর বিষয়টি জেনেছি। দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের পূর্বের গৌরব ফিরিয়ে আনা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করব।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে এটি তার প্রথম সরকারি সফর। সকালে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আরও পড়ুন

×