প্রতিমন্ত্রী মিল্লাত
বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে
জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৭
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বিমানকে লাভজনক রাখা এবং টিকিটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। হিসাব-নিকাশ করে দেখা হয়েছে, বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। তাই শিগগিরই বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে।
শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার নানা কারণে কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়। সেসব বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এগুলো চালুর পর নতুন কোনো বিমানবন্দর চালু করা হলে সর্বপ্রথম ময়মনসিংহ বিভাগে করা হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়েছিল। ওই হত্যা মামলায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
