নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী
কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে চলে যান
দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩৭
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের সর্বোচ্চ সেবা পাওয়ার। আপনি এবং আমি জনগণকে সেবা দিতে বাধ্য। সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, আপনারা যদি কাঙ্ক্ষিত সেবা দিতে না পারেন, তাহলে অন্যত্র বদলি হয়ে চলে যান। শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ভূমি প্রতিমন্ত্রী জানান, দুর্গাপুরকে একটি দৃষ্টিনন্দন ও দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। সেই সঙ্গে উপজেলার সীমান্ত এলাকা ও দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের যে সমস্যা রয়েছে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে। খাল, পুকুর ও জলাশয় পুনরুদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুরে অনার্স কোর্স চালু, নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, খেলাধুলার পরিবেশ তৈরি করার বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে ভূমি প্রতিমন্ত্রী বলেন, অতীতে কে কী করেছেন আমি তা দেখবো না। এখন থেকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন। নির্বাচনী জনসভায় আমি জনগণের কাছে ওয়াদা করেছি, আমি কোনো দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব না। সকলের কাছে অনুরোধ জানাই, আসুন সকলে মিলে জনবান্ধব প্রশাসন গড়ে তুলি। মানুষ যেন তাদের ন্যায্যসেবা থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনেক আশা করে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে। তাই তাদের সে আশা যেন মিথ্যা না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
