ঈদের আগেই সব ইমাম ও খতিবকে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
যশোর অফিস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৪৩
ঈদুল ফিতরের আগেই দেশের সব মসজিদের ইমাম ও খতিবদেরকে পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শুক্রবার সন্ধ্যায় যশোরে মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের সম্মানে জেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তৃতাকালে এই মন্তব্য করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল- জনগণের সমর্থনে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে অস্বচ্ছল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ফ্যামিলি কার্ডের আওতায় আনবে। যার মাধ্যমে রাষ্ট্র প্রতিমাসে তাদের সহযোগিতা করবে। এই উদ্যোগ আমরা ইতোমধ্যে শুরু করেছি। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার-বীজ ও তার ফসলের উৎপাদিত ফসলের নায্য দাম পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট ঈদের আগেই শুরু হচ্ছে। তেমনি ইমাম-মুয়াজ্জিন কিংবা বিভিন্ন ধর্মগুরুদের প্রতি মাসে সম্মানি ভাতা দিতে চাই। কারণ মসজিদ মন্দির কমিটি তাদের যে ভাতা দেন; সেটি দিয়ে তাদের সংসার চলে না। ঈদুল ফিতরের আগে দেশের সকল মসজিদের খতিব, ইমামদের পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার টেষ্টা শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় অন্য ধর্মগুরুরাও এই সুযোগের আওতায় আসবে।’
সাড়ে ১২ লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করার জন্য সরকারের দেড় হাজার কোটি টাকা খরচ হবে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের কাছে দেওয়া ওয়াদা রাখবার উদ্দেশ্যে আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বিষয়গুলো উপস্থাপন করেছি।'
অমিত বলেন, পবিত্র রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে আবারও প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গ্যাংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেবে না বিএনপি।
এসময় তিনি বলেন, ‘যশোরবাসীর কাছে আমার দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যশোরবাসীর কাছে আমার প্রতিশ্রুতি ছিল যশোরে নিম্ন অঞ্চলে জলাবন্ধতা দূর করা। সেই ভোগান্তি লাঘবে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। আগামী বর্ষা মৌসুমের আগে ৫০ শতাংশ ভোগান্তি কমে আসবে।’
যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ।
এসময় মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- যশোর
- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
