ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অপচনশীল বর্জ্য অপসারণে এমপির উদ্যোগ

অপচনশীল বর্জ্য অপসারণে এমপির উদ্যোগ
×

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৯

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া, খাল, রাস্তাঘাট ও কৃষিজমি থেকে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচির আয়োজন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।  মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত এই এমপিই কর্মসূচির উদ্বোধন করেন।

এই কাজের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময় পরিস্থিতি প্রতিকূল থাকলেও ভাঙন প্রতিরোধ, সড়ক সংস্কার, দারিদ্র্য, শিক্ষা কার্যক্রমের মতো অনেক কিছুতেই সম্পৃক্ত ছিলেন তিনি। নির্বাচনের আগেও নির্দিষ্ট কিছু পরিকল্পনা ছিল। তারই অংশ হিসেবে এই কর্মসূচি। কর্মসূচি চলাকালীন সংসদ সদস্য নিজ উদ্যোগে শহরতলির বিভিন্ন পরিবারের মধ্যে বারবার ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়।
পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির নেতারা, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা, স্কাউট ও বিএনসিসির সদস্যরা এবং স্থানীয় সুশীল সমাজ।

এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নতা কাজে নিযুক্ত কর্মীরা জানান, রাস্তাঘাট, পাহাড়ি ছড়া ও কৃষিজমিতে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি পর্যটন এলাকাগুলোতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের জন্য পৃথক ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দেশ উন্নয়নে যে নির্দেশনা দিয়েছেন, তা অনুসরণ করেই তারা মাঠপর্যায়ে কাজ করছেন। শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় এর পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা রক্ষা করা সবার দায়িত্ব।  কর্তৃপক্ষ জনসেবায় ত্রুটি রাখবে না। জনগণকে সহায়তা দিতে হবে সুন্দর শহর গড়ে তুলতে।
স্থানীয়রা এ উদ্যোগকে পরিবেশ রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এবং নিয়মিত তদারকির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। 

আরও পড়ুন

×