মাকে রাস্তায় ফেলে কোলের সন্তান নিয়ে গেল প্রতারকরা
দেবিদ্বারে সন্তান হারিয়ে আহাজারি করছেন গৃহবধূ আকলিমা আক্তার সমকাল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
ফুটফুটে শিশু আফসা আক্তার। মা আকলিমা আক্তারের কোলে চড়ে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল ২৭ দিনের শিশুটি। কিন্তু চিকিৎসা নয়, প্রতারকের কবলে পড়ে এখন নিখোঁজ আফসা। মায়ের বুক খালি করে প্রতারক চক্র শিশুটিকে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মাকে উদ্ধার করা সম্ভব হলেও ঘটনার ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও ছোট্ট আফসার সন্ধান মেলেনি।
ভুক্তভোগী আকলিমা আক্তার দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের অটোরিকশাচালক কামাল হোসেনের স্ত্রী। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু আফসাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন আকলিমা। হাসপাতালের ফটকে পৌঁছাতেই তাঁর পথ আগলে দাঁড়ায় দু-তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
ভুক্তভোগীর ভাই শাহনুর আলম বলেন, হাসপাতালের ফটকে পৌঁছানোর পর দু-তিনজন লোক বলে এখানে ভালো ডাক্তার নেই। অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে তাদের সঙ্গে ডাক্তারের চেম্বারে যেতে বলে। একপর্যায়ে তারা মা-মেয়েকে হাসপাতালসংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে ছিনিয়ে নিয়ে আকলিমাকে কয়েক মাইল দূরে বুড়িচং উপজেলার সাবের বাজার এলাকায় সড়কের পাশে ফেলে যায়। বিকেলে স্থানীয়রা আকলিমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করলে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা আকলিমাকে দেবিদ্বার হাসপাতালে ভর্তি করান। তবে তাঁর কোল ছিল শূন্য।
কামাল ও আকলিমা দম্পতির এটিই প্রথম সন্তান। হাসপাতালে চিকিৎসাধীন আকলিমার কান্না থামছে না। বারবার জ্ঞান হারাচ্ছেন, আর জ্ঞান ফিরলেই ডুকরে কেঁদে খুঁজছেন তাঁর নাড়িছেঁড়া ধনকে। তাঁর আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছে।
এ ঘটনায় দেবিদ্বার থানায় অভিযোগ দিয়েছেন কামাল হোসেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই সাগর বড়ুয়া বলেন, ‘আমরা দেবিদ্বার হাসপাতালের সামনের এবং ময়নামতি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। এখনও তেমন কোনো সূত্র পাওয়া যায়নি। শিশু উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামানের ভাষ্য, অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে শিশুটি অপহৃত হয়েছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভুক্তভোগী নারীকে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাঁড়ি। সন্ধ্যার পর থানায় এনে স্বামী ও ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে শিশুটিকে পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে ও ঘটনার অনুসন্ধানে দুটি টিম মাঠে কাজ করছে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাবে না।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কবির হোসেন বলেন, তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন, কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি।
- বিষয় :
- প্রতারক চক্র
