সিলেটে ইফতারকাণ্ড
চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল, জানাজানির পর টাকা পরিশোধ
সিলেটে ইফতার মাহফিল। ছবি: সংগৃহীত
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:১৯
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর মালিককে মূল্য পরিশোধ করেছেন এবং ক্ষুব্ধ হয়ে দেশও ছেড়েছেন। এদিকে গ্রামের সালিসে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেছেন। পাশাপাশি তাকে দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছেন।
জানা গেছে, ওসমানীনগরের গলমুকাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এম আহমেদ মধু মিয়ার বাড়িতে গত ৬ রমজান ইউনাইটেড গলমুকাপন ট্রাস্টের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেই ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসী অংশ নেন। ইফতার আয়োজনের পরদিন একই গ্রামের নাজমুলের একটি গরু চুরির তথ্য প্রকাশ পায়। পরে মালিক জানতে পারেন ইফতার মাহফিলের আয়োজনে তার গরুটি জবাই করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। গরুর মালিক জানতে পারেন প্রবাসী মধু মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক মো. সাইদি তার গরুটি চুরি করে জবাই করেছেন। ইফতারির জন্য প্রবাসী সম্প্রতি গরু কেনার জন্য যে টাকা দিয়েছিলেন তা আত্মসাৎ করেন সাইদি। বিষয়টি জানার পর মধু মিয়া গরুর মালিককে মূল্য পরিশোধ করেন। ক্ষোভে আজ শনিবার সন্ধ্যায় তিনি দেশ ত্যাগ করেন। ওই সময় বাড়ি থেকে তত্ত্বাবধায়ক সাইদিকে বের করে দেন।
ইউনাইটেড গলমুকাপন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুরহান মিয়া বলেন, ইফতার মাহফিলটি ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। মধু মিয়া তত্ত্বাবধায়ককে গরু কেনার জন্য টাকা দিয়েছেন। কিন্তু সে টাকা আত্মসাৎ তত্ত্বাবধায়ক। ফলে ধরা পড়া থেকে রক্ষা পেতে ইফতারের আগের দিন মাঠ থেকে একটি গরু চুরি করে এনে জবাই করেন তত্ত্বাবধায়ক সাইদি।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, মাঠ থেকে আমার গরুটি চুরি করে নিয়ে যায় মধু মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক সাইদি। মধু মিয়া একজন সম্মানী মানুষ। চুরির বিষয়টি জানার পর আমাকে গরুর টাকা পরিশোধ করেছেন।
