ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুনারুঘাটে এমপি ফয়সল

অন্যায় করলে ছাড় নয়, হিসাব দেব পই পই করে

অন্যায় করলে ছাড় নয়, হিসাব দেব পই পই করে
×

চুনারুঘাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। গতকাল শনিবার তোলা সমকাল

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, চুনারুঘাট ও মাধবপুরবাসীর কাছে তিনি আগামী পাঁচ বছর প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেবেন। এ সময় তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘কেউ অন্যায় কাজ করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’

গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, দলীয় প্রধানের আস্থা ও জনগণের বিপুল সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন। এই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

এমপি ফয়সল বলেন, তাঁর কাজ করার মতো শক্তি, সামর্থ্য ও জ্ঞান রয়েছে। জনগণ তাঁকে সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার জনগণের পাওয়ার পালা। এলাকার উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি– সব ক্ষেত্রেই দৃশ্যমান পরিবর্তন আনা হবে।
এ সময় সৈয়দ ফয়সল চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। বিশেষ করে, হিন্দু সম্প্রদায় ও চা বাগানের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘কেউ যেন হিন্দু সম্প্রদায় ও চা বাগানের লোকজনের ওপর জুলুম করতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তারা এ দেশের সম্মানিত নাগরিক। আমরা তাদের পাহারাদার হিসেবে কাজ করে যাব।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মীর সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, চেয়ারম্যান আবু সালেহ মো. শফিক, আইনজীবী আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
 

আরও পড়ুন

×