ত্বকী হত্যার বিচার চেয়ে ২৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
তানভীর মুহাম্মদ ত্বকী
নারায়গঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৮:২৬
| প্রিন্ট সংস্করণ
১৩ বছরেও তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২৪ বিশিষ্ট নাগরিক। তারা ত্বকী হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৬ মার্চ হত্যা করা হয় নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকীকে। একই বছর ১৬৪ ধারায় জবানবন্দিতে ত্বকী হত্যার বর্ণনা দেয় দুজন। ত্বকীকে কেন, কখন, কোথায়, কারা, কিভাবে হত্যা করেছে তার বিস্তারিত জানিয়ে ২০১৪ সালের ৫ মার্চ সংবাদ সম্মলন করে তদন্তকারী সংস্থা র্যাব। কিন্তু তৎকালীন সরকারপ্রধানের ইচ্ছায় বিচার প্রক্রিয়া সাড়ে ১১ বছর বন্ধ থাকে। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কিছু তৎপরতা দেখালেও তাদের দেড় বছরের শাসনামলে বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইতোমধ্যে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার গঠিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ত্বকী হত্যা দেশব্যাপী যে প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, তা সমাজের মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ত্বকী হত্যার ১৩ বছরের মাথায় দ্রুত বিচারের দাবিতে বর্তমান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সুবিচার পাওয়া দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। তাদের মতে, স্বাধীন বিচার ব্যবস্থা গণতন্ত্র, সাম্য, অগ্রগতি, মানবিক মর্যাদা ও সভ্যতার মানদণ্ড। যে কোনো মূল্যে একে নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হাসান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারায়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক শিক্ষক অধ্যাপক আহমদ কামাল, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-গবেষক মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শওকত আরা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শফি আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহিদুল আলম, মানবাধিকার কর্মী খুশী কবির, আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিশু সংগঠক ডা. লেলিন চৌধুরী, কবি সাংবাদিক সোহরাব হাসান, শিল্পী কফিল আহমেদ, আইনজীবী ব্যারিস্টার সারা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাট্যকর্মী ড. সামিনা লুৎফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মামুন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়য়া, শিল্পী অরুপ রাহী, শিল্পী কৃষ্ণকলি ইসলাম ও শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।
- বিষয় :
- ত্বকী হত্যা
