নতুন মামলায় জামিন পেলেন না আইভী
সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। ২৬ ফেব্রুয়ারি এ মামলায় নতুন করে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল সোমবার ছিল সেলিম মণ্ডল হত্যা মামলার শুনানির ধার্য তারিখ। এদিন বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে মামলা উঠলে আইভীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদনটি নামঞ্জুর করেন। এর আগে ৫টি মামলায় জামিন পাওয়ার দিনই তাঁকে সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি ভবনে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। আগুনে পুড়ে মারা যান ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
সেই মামলার তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা পাওয়া গেছে দাবি করে গত ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলায় আইভীকে আসামি করা হলো। ১০টি মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। এর মধ্যে ৫টি মামলার ব্যাপারে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আমরা এই মামলাতে তাঁর জামিনের আবেদন করেছি এবং ১০ মামলায় জামিনের নথিপত্র আদালতে উপস্থাপন করেছি। আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।
- বিষয় :
- জামিন স্থগিত
