ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাসিরনগরে ১৫ দপ্তরে ওড়েনি জাতীয় পতাকা

নাসিরনগরে ১৫ দপ্তরে  ওড়েনি জাতীয় পতাকা
×

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতার ইতিহাসে তা এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। অথচ সেই দিনেই নাসিরনগর উপজেলায় অন্তত ১৫টি সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে পতাকা টানানো হয়নি। কোথাও পতাকার দণ্ড খালি পড়ে আছে, কোথাও আবার দপ্তরের মূল ফটকই বন্ধ। জাতীয় দিবসের প্রেক্ষাপটে এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে।

যেসব কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়নি সেগুলোর মধ্যে রয়েছে– বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), উপজেলা নির্বাচন অফিস, উপজেলা পল্লী উন্নয়ন ভবন, উপজেলা আনসার ভিডিপি ব্যাংক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, তথ্যকেন্দ্র, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, হিসাবরক্ষণ কার্যালয়, প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন কার্যালয় ও সাব রেজিস্ট্রার কার্যালয়।উপজেলার বাইরে কয়েকটি সরকারি অফিস এবং কিছু ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে একই চিত্র দেখা গেছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের কর্মচারী রেশমা আক্তার বলেন, ‘জাতীয় দিবস ছাড়া এ অফিসে পতাকা টানানোর নিয়ম নেই।’ তবে প্রশাসনিক বিধান অনুযায়ী, সরকারি অফিসে প্রতিদিন অফিস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া আক্ষেপ নিয়ে বলেন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন কেবল আনুষ্ঠানিকতা নয়, রাষ্ট্রীয় শৃঙ্খলারও প্রতীক– যাদের পতাকার প্রতি অনীহা তাদের দায়িত্ববোধ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন বলেন, ‘সরকারি অফিসে প্রতিদিন অফিস শুরুর সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। 
কেউ যদি বলে থাকে, জাতীয় দিবস ছাড়া পতাকা টানানোর নিয়ম নেই, 
সেটি সঠিক নয়।’ 
 

আরও পড়ুন

×