পিরোজপুরের জিয়ানগর উপজেলা নাম পুনর্বহাল
ছবি: সংগৃহীত
বরিশাল ব্যুরো ও জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১৯:৩৮
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম আবারও জিয়ানগর উপজেলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালের ১৭ এপ্রিল তৎকালীন ইন্দুরকানী থানাকে জিয়ানগর নামকরণ করে গেজেট প্রকাশিত হয়। ওই বছরের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে জনসভায় জিয়ানগর উপজেলা প্রতিষ্ঠার ঘোষণা দেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামানুসারে এ নামকরণ করা হয়। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকার জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা করে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে জিয়ানগর নাম পুনর্বহালের দাবি ওঠে। এ বিষয়ে গণস্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। জেলা প্রশাসন জনসমীক্ষা করে গত বছরের ৩ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। একই বছরের ২০ জানুয়ারি নিকার কমিটির ১১৯তম সভায় ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে জিয়ানগর নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ২০০২ সালে ইন্দুরকানীর নাম পরিবর্তন করে জিয়ানগর করা হয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নামে উপজেলার নাম সহ্য করতে না পেরে এটিকে ইন্দুরকানী উপজেলা করে। এখন জিয়ানগর নাম পুনর্বহাল হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
- বিষয় :
- পিরোজপুর
- নাম পরিবর্তন
- পুনর্বহাল
