নাম পরিবর্তনের গোলকধাঁধায় সিলেট অডিটোরিয়াম
‘কবি নজরুল’ থেকে আবারও ‘সাইফুর রহমান’
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৮:০৫
| প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ৪৮ বছরের ইতিহাসে সিলেটের প্রধান অডিটোরিয়ামটি বারবার নাম পরিবর্তনের কবলে পড়ছে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে নির্বাচিত সরকারগুলো এর নামকরণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের দেওয়া ‘কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম’ নাম বদলে পুনরায় ‘এম সাইফুর রহমান অডিটোরিয়াম’ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
মঙ্গলবার অডিটোরিয়াম পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অডিটোরিয়াম সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই অর্থ ‘এম সাইফুর রহমান অডিটোরিয়াম’ নামেই ছাড় করা হবে। মন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, ‘সাইফুর রহমান নামটি সামনে বড় করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে অতিরিক্ত খরচ হলেও সমস্যা নেই।’
১৯৭৮ সালে তৎকালীন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এমএ আউয়াল নগরীর রিকাবিবাজার এলাকায় সিলেট অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চারদলীয় জোট সরকার সংস্কার শেষে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে নামকরণ করে। পরে আওয়ামী লীগ সরকার নাম পরিবর্তন করে ‘কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম’ এবং পরে সংক্ষেপে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ করা হয়। বর্তমান প্রেক্ষাপটে আবারও আগের নাম ‘এম সাইফুর রহমান অডিটোরিয়াম’ পুনর্বহাল করা হয়।
বর্তমানে অডিটোরিয়ামটির অবস্থা অত্যন্ত নাজুক। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরের আসবাব, মঞ্চের আলোকসজ্জা ও যন্ত্রপাতি বিকল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সম্মিলিত নাট্য পরিষদসহ সিলেটের সাংস্কৃতিক কর্মীরা এটি সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোকাদ্দেছ বাবুল বলেন, “নামটা মুখ্য নয়, কাজই মুখ্য। তবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এই নাম পরিবর্তনের সংস্কৃতি আমাদের পীড়া দেয়। নামের পরিবর্তন শুধু সংস্কৃতি চর্চায় নয়, সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে।”
জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, অডিটোরিয়ামটি বর্তমানে জেলা প্রশাসনের অধীনে থাকলেও যথাযথ তদারকি হচ্ছে না। তিনি বলেন, ‘বরাদ্দের কাগজে সাইফুর রহমান অডিটোরিয়াম নামই উল্লেখ আছে। আমরা এটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছি এবং প্রতিমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।’
- বিষয় :
- নাম পরিবর্তন
