স্বামীকে কুপিয়ে জখম যুব মহিলা দলের নেত্রীর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুব মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বানিয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শরীফ প্রধানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মাসুমা আক্তার সদর ইউনিয়ন যুব মহিলা দলের সাধারণ সম্পাদিকা। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল দুপুরে মাসুমার সঙ্গে তাঁর স্বামী শরীফ প্রধানের বাগ্বিতণ্ডা হয়। ভুক্তভোগীর স্বজনদের দাবি, বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মাসুমা আক্তার তাঁর ভাই বায়েজিদ মিয়া ও দুই ভাগনে ইথুন সরকার ও সোহাগ সরকারকে ডেকে আনেন। পরে তারা ঘরে থাকা বঁটি ও দা দিয়ে শরীফ প্রধানের ওপর হামলা চালান। এতে শরীফ প্রধানের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। মাসুমা আক্তার নিজেও বঁটি দিয়ে কোপ দেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর অভিযুক্ত মাসুমা আক্তার, তাঁর ভাই ও ভাগনেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে এ বিষয়ে মাসুমা আক্তার বা অন্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আহত শরীফ প্রধানের বাবা দ্বীন ইসলাম বলেন, আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। কিন্তু এমন নৃশংস হামলার ঘটনা ঘটবে তা কখনও কল্পনা করিনি। পরিকল্পিতভাবে আমার ছেলেকে ঘরে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আমি একজন অসহায় বাবা হিসেবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।
রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, বানিয়াছনি এলাকায় কুপিয়ে জখমের একটি ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- জখম
