উখিয়ায় এসএমজি ও গুলি উদ্ধার
উখিয়ার নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে উদ্ধার এসএমজি ও গুলি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৫:০১
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিন গান (এসএমজি), গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে এ অভিযান পরিচালিত হয়। রাত ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৬৪ বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রেখেছে। সম্প্রতি জীম্বংখালী বিওপির আওতাধীন এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের বিচরণের তথ্য পাওয়া গেলে সেখানে তৎপরতা বাড়ানো হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, জীম্বংখালীতে একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৫ এর প্রায় ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব পাশে নাফ নদী তীরবর্তী কেওড়া বাগানে বিশেষ অভিযান চালায়।
অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশি শেষে পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারের তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
- বিষয় :
- উখিয়া
- গুলি
- বর্ডার গার্ড বাংলাদেশ
- বিজিবি
