ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

উদীচী হত্যাকাণ্ডের ২৭ বছর

উচ্চ আদালতে আটকে আছে আপিল শুনানি

উচ্চ আদালতে আটকে আছে  আপিল শুনানি
×

ছবি-সংগৃহীত

 যশোর অফিস

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ০৬ মার্চ ২০২৬ | ০৮:৫৭

| প্রিন্ট সংস্করণ

১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাত। তখনও চলছিল উদীচীর দ্বাদশ সম্মেলনের সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় বিকট শব্দে শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় টাউন হল ময়দান। এ ঘটনায় প্রাণ হারান ১০ জন, গুরুতর আহত হন শতাধিক সংস্কৃতিকর্মী-অনুরাগী। 

আহতদের মধ্যে ছিলেন সুকান্ত দাস। তিনি আজও বয়ে বেড়াচ্ছেন সেদিনের দুঃসহ স্মৃতি। এক পা হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে হাত, কান। দুর্বিষহ যন্ত্রণার জীবনযাপন তাঁর। ক্ষোভে সুকান্ত বলেন, ২৭ বছর রহস্য উদ্ঘাটন হয়নি; মামলার অবস্থাও জানি না। 

দেশে বোমা হামলার কালো অধ্যায় শুরু হয় যশোরে উদীচীর বোমা হামলার মধ্য দিয়েই। অথচ সেই ঘটনার আজও বিচার শেষ হয়নি। 
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, সরকার বদল হয়; আমাদের সহকর্মীদের হত্যার বিচার হয় না। এমনকি, কারা এই ঘটনা ঘটিয়েছিল, তা-ও উদ্ঘাটিত হয়নি।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, বিচার না পাওয়ায় নিজেদের অসহায় মনে হয়।  

তদন্ত সংস্থা সিআইডির ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে ২০০৬ সালের ৩০ মে বিচারিক আদালত থেকে খালাস পেয়ে যায় মামলার সব আসামি। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু। 

এদিকে, উদীচী ট্র্যাজেডির ২৭তম বর্ষপূতি উপলক্ষে আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ ও শহীদদের স্মরণে মশাল প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 
 

আরও পড়ুন

×