২২ দিন পরও অপসারণ করা হয়নি প্রচারের বিলবোর্ড
নির্বাচনের ২২ দিন পেরিয়ে গেছে। মোড়ে মোড়ে এখনও শোভা পাচ্ছে প্রার্থীদের প্রচারেরর বিলবোর্ড। ছবিটি গোবিন্দগঞ্জ পৌর শহরের কালিকাডোবা এলাকা থেকে তোলা সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৯:০৯
| প্রিন্ট সংস্করণ
গোবিন্দগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২২ দিনেও বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুন অপসারণ করেননি প্রার্থীরা। পৌর শহর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের প্রচারণা সামগ্রী রয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের থানা মোড়, উপজেলার কাটা মোড়, কালিতলাসহ বিভিন্ন এলাকায় বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং পৌর শহরের কালিকাডোবা, কাটা মোড়সহ বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোট প্রার্থী ডা. আবদুর রহিম সরকারের ব্যানার-ফেস্টুন দেখা গেছে।
এ ছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী তৌহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ আকন্দ ও জাতীয় পার্টির মশিউর রহমানের ব্যানার-ফেস্টুন দেখা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নির্বাচন কমিশন প্রণীত প্রার্থীদের আচরণবিধিতে বলা আছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণ করবেন। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সেই হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রার্থীর প্রচারণা সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা ছিল। প্রার্থীদের প্রচারণা সামগ্রী অপসারণে বিলম্বের বিষয়ে নোটিশ করা হবে।
গোবিন্দগঞ্জ পৌর শহরের বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ না করায় এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। অবশ্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আতোয়ার রহমান তাঁর নিজের বিলবোর্ড সরিয়ে নিয়েছেন।
আবদুর রহিম সরকার বলেন, প্রচারণা সামগ্রী অপসারণের জন্য শ্রমিক নিযুক্ত করা হয়েছে। তারা কাজ করছেন এবং অনেক এলাকা থেকে ইতোমধ্যে বিলবোর্ড ও ফেস্টুন সরানো হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ বলেন, নেতাকর্মীরা বেশ কিছু কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে সব প্রচার সামগ্রী অপসারণ করা হবে। ইসলামী আন্দোলনের তৌহিদুল ইসলাম জানান, তাঁর মাত্র দুটি বিলবোর্ড রয়েছে। দ্রুততম সময়ে তা সরিয়ে নেবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ভোট গ্রহণের ২০ দিন পেরিয়ে গেছে। প্রার্থীদের প্রচার সামগ্রী দ্রুত অপসারণের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হবে।
- বিষয় :
- বিলবোর্ড
