ত্বকী হত্যার ১৩ বছর
আ.লীগ-অন্তর্বর্তী সরকার পারেনি নতুন সরকারে তাকিয়ে সবাই
তানভীর মুহম্মদ ত্বকী
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৯:২২
| প্রিন্ট সংস্করণ
শীতলক্ষ্যায় ১৩ বছরে কত পানি গড়িয়েছে, তার লেখাজোখা নেই। এই সময়ের মধ্যে ১০৩তম বারের মতো নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহম্মদ ত্বকী হত্যার চার্জশিট আদালতে দাখিলের তারিখ পিছিয়েছে। ফলে বিচার শুরুই হয়নি দেশজুড়ে আলোচিত এই হত্যা মামলাটির। কবে শেষ হবে, তা-ও অজানা।
এবিসি ইন্টারন্যাশনাল স্কুলে এ লেভেল প্রথম পর্বে পড়ত ত্বকী। নিখোঁজ হওয়ার পরদিন তার পদার্থবিজ্ঞান ও রসায়নের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, পদার্থে ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছে ত্বকী; সারাবিশ্বের সর্বোচ্চ নম্বর। রসায়নেও সে পায় ২৯৪, যা দেশের সর্বোচ্চ।
আশির দশক থেকেই নানা সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের জন্য পরিচিত হয়ে উঠেছিলেন রফিউর রাব্বি। ত্বকীর হত্যাকাণ্ডের পর তাঁকে এবার নামতে হয় ছেলের হত্যার বিচারের লড়াইয়ে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন রফিউর রাব্বি। সম্পূরক অভিযোগপত্রে তিনি হত্যার জন্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের ক্যাডারদের দায়ী করেন। পুলিশ শুরুতে মামলার তদন্ত শুরু করলেও এক পর্যায়ে স্থবিরতা দেখা দেয়। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব নেয় র্যাব-১১। সংস্থাটির হাতে গ্রেপ্তার হয় আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর। আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে। তার বক্তব্যের ভিত্তিতে নগরীর আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের টর্চার সেলে অভিযান চালিয়ে র্যাব হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করে। সময়ের পরিক্রমায় সে টর্চার সেলের চিহ্ন আর নেই, সেখানে এখন উঠছে বহুতল ভবন।
২০১৪ সালের ৮ মার্চ র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে জানান, ত্বকী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। তিনি আজমেরী ওসমানসহ ১১ জনের বিরুদ্ধে তৈরি চার্জশিটের খসড়াও প্রকাশ করেন। জানিয়েছিলেন, শিগগিরই সেই চার্জশিট আদালতে দাখিল করা হবে। এর ১৩ বছরেও সেই দাখিলের দিন আর আসেনি। এরই মধ্যে ১০৩টি তারিখ বদলেছে আদালতে। যার ৯৪টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের ভাষ্য, ‘ত্বকী এখন নারায়ণগঞ্জের সব অন্যায়ের প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সে এখন একটি আদর্শের নাম হয়ে দাঁড়িয়েছে, যে আদর্শকে হত্যা করা যায় না।’ তিনি আরও বলেন, ত্বকী হত্যার বিচারের দাবি শুধু তার পরিবারের না, এটা দেশবাসীর দাবি। ত্বকী হত্যার বিচার করে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে প্রমাণ করতে হবে দেশে আইনের শাসন আছে, গণতন্ত্র আছে; হত্যাকারীরা পার পেয়ে যেতে পারে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কথা হয় ত্বকীর বাবা রফিউর রাব্বির সঙ্গে। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার কারণে এই হত্যার বিচার হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে দুই-তিনজন উপদেষ্টা বিচারের কথা বলেছিলেন। তারা বলেছিলেন, এ হত্যার বিচারের জন্য যে সাক্ষী-প্রমাণ দরকার, সেটা সে সময় ছিল না। কিন্তু দেড় বছরেও সেসব জোগাড় হয়নি, এটা বিশ্বাস করা যায় না। এ জন্য তাদের আন্তরিকতার ঘাটতিকে দায়ী করেন তিনি।
রফিউর রাব্বি বলেন, ‘আমরা এখন বিএনপি নেতৃত্বাধীন সরকারের দিকে তাকিয়ে আছি। ২০১৩ সালে খালেদা জিয়া নারায়ণগঞ্জে এসে ত্বকী হত্যার বিচার চেয়েছেন। এ ছাড়া বিভিন্ন সমাবেশেও তিনি ত্বকী হত্যার বিচার চেয়েছেন। এবারের নির্বাচনের আগে তারেক রহমানও নারায়ণগঞ্জে এসে ত্বকী হত্যার বিচারের কথা বলেছেন। আমরা আশা করি, তাদের সময়ে আমরা বিচারটা পাব।’
আদালতে চার্জশিট দাখিলের বিষয়ে জানতে মামলাটির তদন্ত কর্মকর্তা র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদারকে বেশ কয়েক দফায় কল করা হলেও তিনি ধরেননি। র্যাব-১১-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনের ভাষ্য, ‘মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই দেওয়া হবে অভিযোগপত্র।’
বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু জানিয়েছেন, ত্বকী হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আজমেরী ওসমানের ড্রাইভার জমশেদ কারাগারে আছে। সুলতান শওকত ভ্রমর ও আরেক আসামি সালেহ রহমান সীমান্ত পলাতক। এ ছাড়া রিফাত বিন ওসমান, মামুন মিয়া, তাহের উদ্দিন জ্যাকি, ইউসুফ হোসেন লিটন, কাজল হাওলাদার, সাফায়াত হোসেন শিপন, আব্দুল্লাহ আল মামুন, ইয়ার মোহাম্মদ পারভেজ জামিনে মুক্ত। এদের মধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত ও কাজল হাওলাদার।
গতকাল বৃহস্পতিবার ছিল ত্বকী হত্যা মামলার শুনানির ১০৩তম তারিখ। নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে উঠেছিল মামলাটি। আদালতের বাইরে কথা হয় এ মামলার আইনজীবী প্রদীপ ঘোষ বাবুর সঙ্গে। তিনি জানালেন, আজকেও (বৃহস্পতিবার) আদালতে চার্জশিট জমা পড়েনি। আদালত আগামী ২৬ এপ্রিল পরের তারিখ নির্ধারণ করে তদন্ত কর্মকর্তাকে চার্জশিট জমা দিতে বলেছেন।
ত্বকী স্মরণে কর্মসূচি
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বন্দরের সিরাজ শাহর আস্তানায় ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল। ৮ মার্চ সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন। ১৪ মার্চ দুপুর আড়াইটায় ঢাকার শেরেবাংলা নগর জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’।
- বিষয় :
- ত্বকী হত্যা
