নাটোরে গ্রামবাসীর হামলায় আহত তিন পুলিশ সদস্য
মরদেহের ময়নাতদন্ত নিয়ে কথাকাটাকাটি
ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ১৭:০৫ | আপডেট: ০৬ মার্চ ২০২৬ | ১৭:০৬
নাটোরের সিংড়া উপজেলায় একটি গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়েছেন পুলিশের তিনজন সদস্য। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল আশরাফুল ইসলাম (কালিগঞ্জ ফাঁড়ি), উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার রায় (কালিগঞ্জ ফাঁড়ি) ও এসআই নেজাম ইসলাম (সিংড়া থানা)। তাদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের সিয়াম আলী গাড়ি দুর্ঘটনার শিকার হন। তাকে নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ হাসপাতালে নিতে চায়। এতে পরিবারের লোকজন বাধা দেয়। পুলিশ তখন হাসপাতাল থেকে সরবরাহ করা মৃত্যুসনদ চায়। সেটা দিতে অপারগতা প্রকাশ করেন পরিবারের লোকজন। এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর জানান, হামলার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম সম্পন্ন করতে তথ্য সংগ্রহের সময় স্থানীয়রা পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে। ঘটনার মূল উসকানিদাতাকে শনাক্তের কাজ চলছে।
- বিষয় :
- সিংড়া
- হামলা
- গাড়ি ভাঙচুর
