সংবাদ সংগ্রহে গিয়ে পাগলা মসজিদে হামলার শিকার
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
কোলাজ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ২০:৪৮
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম সিন্ডিকেটের হাতে আক্রান্ত হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে মসজিদ কম্পাউন্ডে এ হামলা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার বেলা ১১টায় শহরের কালীবাড়ি সেতু এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে তারা এসব দাবি জানান। পাশাপাশি তারা পাগলা মসজিদের নিলাম সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান।
পাগলা মসজিদে গবাদি পশুসহ যেসব পণ্য দান করা হয়, সেগুলো প্রতিদিন বিকেলে নিলামে বিক্রি হয়। স্থানীয় একটি মহল সিন্ডিকেট করে বাইরের আগ্রহী ক্রেতাদের হুমকি দিয়ে অবিশ্বাস্য কম দামে এসব পণ্য কিনে নেয়।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সংগ্রহে যান চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু। এ সময় সিন্ডিকেটের কয়েকজন সদস্য তাদের বেধড়ক মারধর করে।

সদর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন, রাতেই ফয়জুল ইসলাম বাদী হয়ে হারুয়া এলাকার মো. জীবন, আহমদুল্লাহ মনা, মো. সুমন, কেফায়াত উল্লাহসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জীবন ও মনাকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শুক্রবারের মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের ব্যুরোপ্রধান এটিএম নিজাম, সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, আমার দেশ প্রতিনিধি মুনিরুজ্জামান খান সোহেল, চ্যানেল আই প্রতিনিধি এস কে রাসেল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সামছুল আলম সেলিম, আমাদের সময় প্রতিনিধি শেখ মাসুদ ইকবাল, চ্যানেল ওয়ান প্রতিনিধি শরফ উদ্দিন জীবন, পাকুন্দিয়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ বচ্চন, সংস্কৃতিসেবী আমিনুল ইসলাম সেলিম প্রমুখ।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- পাগলা মসজিদ
- সাংবাদিক নির্যাতন
- হামলা
