মেঘনায় জাটকা শিকার, ১৩ জেলের অর্থদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ০১:৫২
চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।
ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ১৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন, বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শুধু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ভোর ৩টা পর্যন্ত মেঘনা নদীর সদরের হরিনা থেকে কাচিকাটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন- আক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও মো. সাগর (২৮)। বাকি ৪ জন ছিলো অপ্রাপ্ত বয়স্ক।
তাদের সবার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।
মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান , অভিযানের সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১৭ জেলে আটক করা হয়।
এদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বাকি চার জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান মৎস কর্মকর্তা।
তিনি বলেন, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে জব্দ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জেলে নৌকা কোস্টগার্ড তাদের হেফাজতে নিয়েছে।
উল্লেখ্য, ইলিশ সম্পদ রক্ষা ও বৃদ্ধিতে গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের ৭০ কিলোমিটার নদী এলাকাসহ দেশের আরো ৫টি অভয়াশ্রম এলাকায় ইলিশের পোনা জাটকাসহ সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।
