৩৬ বছর ধরে সাঁকোয় নদী পারাপার
হাতিটানা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয় নারী-পুরুষ। সম্প্রতি খুলনার ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নের পশ্চিম ঝরঝরিয়া এলাকায় সমকাল
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
খুলনার ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নের হাতিটানা নদীর ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ৩৬ বছর আগে নিজেরা চাঁদা তুলে চলাচলের সুবিধার্থে এটি তৈরি করেন। এরপর থেকে গ্রামের বাসিন্দাদের উদ্যোগে প্রায় প্রতিবছর সাঁকোটির সংস্কার করা হয়। কয়েক যুগ ধরে এভাবেই সাঁকাতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে বাসিন্দাদের। চলাচলের ভোগান্তি লাঘবে নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মাগুরখালী ইউনিয়ন পরিষদ থেকে পাঁচ কিলোমিটার দূরে মাগুরখালী-পশ্চিম ঝরঝরিয়া-হোগলাবুনিয়া সংযোগ সড়কে হাতিটানা নদীর ওপর সাঁকোটির অবস্থান। উপজেলার মাগুরখালী ও শোভনা ইউনিয়নের ১০টি ওয়ার্ডের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। তবে সাঁকোর কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ মানুষের চলাচল ও বিভিন্ন পণ্য পরিবহনে বিঘ্ন ঘটে। বর্ষা মৌসুমে নড়বড়ে সাঁকো দিয়ে পারাপারের সময় স্থানীয় বাসিন্দাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এলাকাবাসীর জন্য এ সাঁকো মরণফাঁদে পরিণত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালেও জনদুর্ভোগ দূর করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। জনস্বার্থে এই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
হোগলাবুনিয়ার মাছচাষি পবিত্র মণ্ডল, আরতী বিশ্বাস ও নিহার রঞ্জনের ভাষ্য, হোগলাবুনিয়া-ঝরঝরিয়া গ্রাম উপজেলা সদর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে। নদীর ওপর সেতু নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
মাগুরখালীর কৃষক পরিমল চন্দ্র মণ্ডল বলেন, এ এলাকার ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভশীল। কিন্তু যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটছে না। কৃষকের উৎপাদিত পণ্য বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে পারাপার বা গন্তব্যে পৌঁছাতে হয়। এ কারণে অনেক পণ্য নষ্ট হয়ে যায়।
সাবেক ইউপি সদস্য অনকুল মণ্ডল বলেন, সেতুর কাছেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ করে বর্ষা মৌসুমে ডিঙি নৌকাই একমাত্র ভরসা। সেই সময় মানুষের দুর্ভোগের অন্ত থাকে না।
ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র সরকার বলেন, সম্প্রতি সাঁকোটি ভেঙে পড়ায় কোমলমতি শিশু ও শিক্ষক-শিক্ষিকারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেন, জনদুর্ভোগ লাঘবে হাতিটানা নদীর ওপর সেতু নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- সাঁকো