চাঁপাইনবাবগঞ্জে গানবাজনা নিষিদ্ধ: প্রশাসনের পদক্ষেপে এলাকায় স্বস্তি
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০২:১৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি জামে মসজিদের কমিটি সমাজ সংস্কারের নামে গানবাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ ঘোষণা করে দুই মাস আগে। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হওয়ায় প্রশাসনের পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তবে একটি অংশ ক্ষোভও প্রকাশ করেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ওই মসজিদ কমিটি সভা করে লিখিতভাবে গানবাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার পাশাপাশি ভুল স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছে। মসজিদটি সদর উপজেলার চরাঞ্চলের ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রামে অবস্থিত।
জানা যায়, ওই মসজিদ কমিটির পক্ষ থেকে ‘গানবাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠনের সিদ্ধান্ত’ শিরোনামে একটি নোটিশ প্রচার করা হয়। পাশাপাশি কমিটি সিদ্ধান্ত নেয়– এলাকায় কোনো বিয়ের অনুষ্ঠানে গানবাজনা করলে সেখানে ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতে যাবেন না স্থানীয় আলেমরা।
সমাজ সংষ্কারের নামে জারি হওয়া নোটিশে বলা হয়, ‘গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা এবং পারিবারিক শান্তি রক্ষার জন্য গান-বাজনা ও অপসংস্কৃতি ইসলামের দৃষ্টিতে হারাম ও ক্ষতিকর হওয়ায় তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যারা বাদ্যযন্ত্র বাজাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ নোটিশে মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসীর পক্ষে ৩৪ জন স্বাক্ষর করেন। পাশাপাশি গ্রামের মোড়ে এ বিষয়ে কিছু ব্যানার ও ফেস্টুন টানানো হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল (রাজন) জানান, তিনি মসজিদ কমিটির সদস্যদের ডেকে পাঠান। মসজিদের ইমামের নেতৃত্বে ৮-১০ জন গত বৃহস্পতিবার জানিয়ে গেছেন, তারা না বুঝে গ্রামে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিষয়টি নিয়ে তারা ভুল স্বীকার করেছেন। তারা সিদ্ধান্ত প্রত্যাহার করে লিখিতভাবে জানাবেন।
ওই মসজিদের ইমাম আবদুল মালিক বিন খালেদুর রহমান কোনো কথা বলতে চাননি। তবে স্থানীয় ওলিউল হক নামে এক শিক্ষার্থী জানান, আমরা মনে করি, এখানকার আলেমরা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সবার মেনে চলা উচিত।
গ্রামের কয়েকজন নারী জানান, বিয়েবাড়িতে গীত গাওয়া এবং সাউন্ডবক্স দিয়ে গান বাজানো যাবে না। গ্রামের কিশোররা মাঝেমধ্যে পিকনিক করে সাউন্ডবক্সে গান বাজায়, আমোদ-ফুর্তি করে, তাও বন্ধ আছে।
শনিবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ হারুন বলেন, বিষয়টি নিয়ে নেতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মসজিদ কমিটি ভুল স্বীকার করেছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, বিস্তারিত জানার পর এ নিয়ে মন্তব্য করব।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- বাদ্যযন্ত্র
- নিষিদ্ধ
