সৈয়দ ইশতিয়াক আহমেদ বললেন
শিক্ষা ও জনকল্যাণই আমাদের মূল লক্ষ্য
চুনারুঘাটে শনিবার ইফতারসামগ্রী বিতরণ করেন প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
‘মানুষের দুর্বলতা নিয়ে রাজনীতি নয়, বরং মানবকল্যাণই আমাদের মূল উদ্দেশ্য। সমাজ ও দেশকে এগিয়ে নিতে শিক্ষার প্রসারের কোনো বিকল্প নেই।’ শনিবার সকালে চুনারুঘাট পৌর এলাকায় ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সায়হাম গ্রুপের এমডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ।
সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, দারিদ্র্য দূরীকরণের কার্যকর হাতিয়ার হচ্ছে শিক্ষা। প্রত্যেক শিশু সমান মেধা নিয়ে জন্মায়; তাদের সঠিক পরিবেশ ও সুযোগ দিলে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি আরও বলেন, ‘আমরা চাই দেশের প্রতিটি শিশু শিক্ষার উপযুক্ত পরিবেশ পাক এবং নিজেকে গড়ার সুযোগ লাভ করুক।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা স্মরণ করে তিনি বলেন, মাধবপুর-চুনারুঘাটের মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে তাঁর বাবা এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। জনগণের এই আস্থার প্রতিদান দিতে সরকার ও সায়হাম গ্রুপ সম্মিলিতভাবে কাজ করবে। মানুষের অন্ন, বস্ত্র এবং নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান দায়িত্ব।
দুপুরে সায়হাম শিল্প গ্রুপের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে ইফতারসামগ্রী তুলে দেন ইশতিয়াক আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের ডিজিএম ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অব.), জিএম প্রকৌশলী মো. রেজাউল হক, জিএম (উৎপাদন) মো. শফিকুর রহমান পাটোয়ারী ও এজিএম মোতায়েম চৌধুরী উপস্থিত ছিলেন।
সকালে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছরের মতো সংসদ সদস্য এস এম ফয়সলের দিকনির্দেশনায় সায়হাম গ্রুপের সৌজন্যে এবং নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে ইফতারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া ও স্থানীয় বিএনপির অন্য নেতৃবৃন্দ। চুনারুঘাটের অনুষ্ঠানেও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সৈয়দ ইশতিয়াক তাঁর বক্তব্যের শেষাংশে আশ্বস্ত করেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সুখ-দুঃখে সায়হাম গ্রুপ সবসময় পাশে থাকবে।
- বিষয় :
- ইফতার বিতরণ
