ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় মন্দিরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা

কুমিল্লায় মন্দিরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪
×

কুমিল্লায় মন্দিরে ককটেল হামলার পর ছড়িয়ে পড়ে থাকা পূজার সামগ্রি। ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২৩:৫১

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে। 

পুলিশ জানায়, প্রথম ঘটনাস্থল মন্দির এবং পরে একই সড়কের আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণ এলাকা থেকে বেশ কিছু সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। রাতে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট ইসকন মন্দির থেকে জব্দ করা একটি ব্যাগ নির্জন স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছে।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিন ঠাকুরপাড়া (বাগানবাড়ী) কালী গাছতলা শিব মন্দিরসহ আশপাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শিব মন্দিরে বিস্ফোরিত ককটেলে পুরোহিত কেশব চক্রবর্তী এবং পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে আরও ৩ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরিহিত একজন ব্যক্তি ব্যাগ হাতে শিব মন্দিরের পাশে ইসকন মন্দিরে প্রবেশ করে। পাশে আরো কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরিহিত ওই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে, ওরা পালিয়ে যাওয়ার সময় শিব মন্দির লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেছে। যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় সড়কে যে ২/৩টি ককটেল বিস্ফোরণ করে সেখানে আরও ৩ জন আহত হয়।

পুলিশ জানায়, ‘জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।’

রোববার রাতে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা সমকালকে বলেন, ‘আমরা নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঙ্গে থানায় বসেছিলাম । এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে বলে আমাদের আশ্বস্থ করেছে। এ ঘটনায়  ইসকন মন্দির কর্তৃপক্ষ ও কালী গাছ তলা মন্দির কমিটির পক্ষ থেকে সোমবার পৃথক দুটি মামলা করা হতে পারে।

রাত সাড়ে ১০টার দিকে কোতয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার সমকালকে জানান, ‘ঘটনাস্থলের বেশ কিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুর্বৃত্তের রেখে যাওয়া একটি ব্যাগ রোববার রাতে নিষ্ক্রিয় করেছে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট। তবে ওই ব্যাগে বোমা ছিল কিনা এমন তথ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় সোমবার মামলা করবে মন্দির কর্তৃপক্ষ।’ 

আরও পড়ুন

×