কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারকে আর এগোতে দেওয়া হবে না
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৭:২১
| প্রিন্ট সংস্করণ
দেশে মব কালচারকে আর কখনও এগোতে দেওয়া হবে না। এটা বন্ধ করা হবে এবং দেশ থেকে বিলুপ্ত হবে। সংঘবদ্ধ কোনো অপরাধী, চাঁদাবাজ বা অস্ত্রধারীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অপরাধীদের ধরতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ঘটনাকে মব হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। অনেক ঘটনা বিচ্ছিন্ন অপরাধ, যেগুলো নির্দিষ্ট অপরাধের সংজ্ঞার মধ্যেই পড়ে। তবে সড়কে কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এসব বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
মন্ত্রী জানান, ওসমান হাদি হত্যার প্রধান আসামি ও তার সহযোগীকে ভারত থেকে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চলছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজের জন্মস্থান কক্সবাজার এলেন সালাহউদ্দিন আহমেদ। রোববার রাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
- বিষয় :
- মব কালচার
