সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন
কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সোমবার পাবনা রোডে নির্বাচনী কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৮:২১ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৪:০৪
| প্রিন্ট সংস্করণ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সরদারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি। গতকাল সোমবার দুপুরে শহরের পাবনা রোডে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু। তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পরাজয়ের মূল কারিগর সিরাজ সরদার নিজেই। বাবলু অভিযোগ করেন, দলীয় মনোনয়ন না পেয়ে সিরাজ সরদার পর্দার আড়ালে থেকে জাকারিয়া পিন্টুকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। প্রশাসনের সঙ্গে গোপন আঁতাত এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে তিনি এই আসনে ধানের শীষকে পরাজিত করেছেন।
সংবাদ সম্মেলনে সিরাজ সরদারের রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করা হয়। উপস্থিত নেতাকর্মীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন হাবিবুর রহমান হাবিব জেলজুলুম ও হামলার শিকার হচ্ছিলেন, তখন সিরাজ সরদার সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে সখ্য বজায় রেখেছিলেন। এমনকি তাঁকে লাখ টাকার আতশবাজি ফুটিয়ে সংবর্ধনা দেওয়া এবং রেলওয়ে ও ইপিজেডে নির্বিঘ্নে ব্যবসা করার অভিযোগও তোলা হয়।
সিরাজুল ইসলাম সরদার নিজ বাড়ির ভোটকেন্দ্র বাঘইল স্কুল অ্যান্ড কলেজে ধানের শীষকে হারিয়ে ‘দাঁড়িপাল্লা’কে বিজয়ী করতে কাজ করেছেন। আওয়ামী লীগের সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস ও গালিবুর রহমান শরীফের সঙ্গে সিরাজ সরদারের বিভিন্ন বৈঠক ও সমঝোতার ছবি ও ভিডিও চিত্রের প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, সিরাজ সরদার বিগত দিনে কোনো আন্দোলন-সংগ্রামে না থেকে কৌশলে নীরব ছিলেন এবং এখন দলকে ক্ষতিগ্রস্ত করছেন। এ কারণে তাঁকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, গত শনিবার সিরাজুল ইসলাম সরদার এক সংবাদ সম্মেলনে ধানের শীষের পরাজয়ের জন্য হাবিবুর রহমান হাবিবকে দায়ী করেছিলেন। সোমবারের এই পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঈশ্বরদী বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন রাজপথে প্রকাশ্য রূপ নিল।
- বিষয় :
- বিএনপি
- পাবনা-৪
- সংবাদ সম্মেলন
