ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রতিবেশীদের ওপর গুলিবর্ষণ

বিপুল অস্ত্র-গুলি ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার তিন

বিপুল অস্ত্র-গুলি ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার তিন
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৮:২৫

| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্বশত্রুতার জেরে লাইসেন্সকৃত একনলা বন্দুক দিয়ে প্রতিবেশীদের উদ্দেশ্যে ছররা গুলি করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিতে নারী-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এ সময় গ্রেপ্তারকৃত হারুন খানের শয়নকক্ষের আলমারি থেকে একটি পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ ও ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। আরেক অভিযুক্ত মান্নান খানের ঘর থেকে উদ্ধার করা হয় একটি ওয়াকিটকি। গতকাল সোমবার বিকেলে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী মিজান খানের সঙ্গে মান্নান খানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে মিজান খানের বাড়ির লোকজন মান্নান খানের বাড়ির কাছাকাছি রাস্তায় গেলে তাদের সঙ্গে হারুন খান, মান্নান খান, আমিন খান এবং তাদের বাড়ির লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তখন হারুন খানের লাইসেন্সকৃত একনলা বন্দুক থেকে মান্নান খান তিন রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে মিজান খানের বাড়ির খোরশেদ খান, কাজল, জয়তুন, ফাহিমা, ইভা আক্তার, নূপুর, বন্যা, আয়ান, দোলন, মোস্তাকিন, ইদ্রিস খান, আল আমিন খান ও মিনু আক্তার গুলিবিদ্ধ হন।

স্থানীয় লোকজন ৯৯৯-এর মাধ্যমে শ্রীনগর থানা পুলিশকে খবর দিলে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানার ওসি জুয়েল মিঞা, পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত, র‍্যাব-১০ সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন ফোর্স নিয়ে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 
পরে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত হারুন খান, আবদুল মান্নান খান ও মহসিন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হারুন খানের ঘর থেকে অস্ত্র-গুলি এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। শ্রীনগর থানার ওসি জুয়েল মিঞা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×