বেতন-বোনাসের দাবিতে ভালুকায় মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৯:৩৫ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১১:৩৩
| প্রিন্ট সংস্করণ
বকেয়া বেতন ও ঈদুল ফিতরের বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার সকালে উপজেলার কাঁঠালী এলাকায় অবস্থিত রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
শ্রমিকদের আকস্মিক অবরোধের ফলে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।
জানা গেছে, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পাননি তারা। এ ছাড়া অন্যান্য কারখানায় ঈদ বোনাস দেওয়া শুরু হলেও রাসেল অ্যাপারেলসে তা না দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। এই পরিস্থিতিতে গতকাল সকালে তারা ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন অগ্রিম প্রদানের দাবিতে মহাসড়কে অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক রহিমা খাতুন ও শরিফ হাসান জানান, সামনে ঈদ। হাতে টাকা না থাকায় তারা সংকটে পড়েছেন। ঈদের কেনাকাটা করতে পারছেন না। অন্যান্য কারখানা বোনাস দিলেও তাদের কর্তৃপক্ষ গড়িমসি করছে দেখে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে ভালুকা মডেল থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যেই পরিশোধ করা হবে এবং ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে মার্চ মাসের অগ্রিম বেতন দেওয়ার দাবিটি এই মুহূর্তে মেটানো সম্ভব নয় বলে তারা শ্রমিকদের জানিয়েছেন।
শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
- বিষয় :
- বকেয়া বেতন
- মহাসড়ক অবরোধ
- ময়মনসিংহ
