পাহাড় কাটা বন্ধে দুই সচিবসহ ১২ কর্মকর্তাকে বেলার চিঠি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ছাইল্ল্যাতলী এলাকায় নির্বিচারে পাহাড় কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুই সচিবসহ ১২ কর্মকর্তাকে চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
চিঠি দেওয়া হয়েছে–পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রাম ও কক্সবাজারের পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক, বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক এবং কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির জনস্বার্থে দায়েরকৃত একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাহাড় কেটে কোনো আবাসন কিংবা ইটভাটা করা হয়ে থাকলে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। ২০১২ সালের ১৯ মার্চ এ নির্দেশনা দেওয়া হয়।
গত সোমবার সমকালে ‘১০ পাহাড়ে নেতার নেতৃত্বে কোপ’ শীর্ষক একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদন সংযুক্ত করে বেলার পক্ষ থেকে এ আইনি চিঠি দেওয়া হয়েছে। বেলার আইনজীবী জাকিয়া সুলতানা বলেন, ‘কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এরপরও পাহাড় কাটা চললে উচ্চ আদালতের নজরে আনা হবে।’
এদিকে সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা এ মামলা করেন।
- বিষয় :
- পাহাড় কাটা
