ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ছিনতাই হওয়া অস্ত্র-গুলি উদ্ধার করে। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে মিশাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গতকাল ‎মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। ‘দায়িত্বহীনতার কারণে’ ছিনতাইয়ের শিকার হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মিশাল ছাড়াও পৃথক অভিযান চালিয়ে ফতুল্লা থানার কাশিপুর ব্যাংক কলোনি এলাকা থেকে সন্দেহভাজন ফরহাদ আহম্মেদ এবং হাসান নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। গত ‎সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিশাল শহরের দেওভোগ পানির ট্যাঙ্ক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। 

পুলিশ সুপার জানান, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গত সোমবার ভোর ৬টায় শহরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করলে তা মোটরসাইকেলে লেগে বাহনটি ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাঁর সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত করে পুলিশ।
 

আরও পড়ুন

×