বশেমুরবিপ্রবিতে ৪৯ কম্পিউটার চুরি: তদন্ত কমিটি থেকে বাদ এক সদস্য
সম্প্রতি কম্পিউটার চুরির সঙ্গে জড়িতদের আটক করে পুলিশ- ফাইল ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ | ০৮:৪৩
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির এক সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তদন্ত কার্যক্রম সব প্রশ্নের ঊর্ধ্বে রাখতে গঠিত কমিটির অপর ছয় সদস্যের মতামতের ভিত্তিতে নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলো। উপাচার্যের অনুমোদন নিয়ে এটি করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কিন্তু প্রতিবেদন দাখিলের ঠিক দু'দিন আগে কমিটির এক সদস্যকে অব্যাহতি দেওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে।
অব্যাহতি পাওয়া সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম বলেন, আমাকে কেন কমিটি থেকে বাদ দেওয়া হলে, তার কোনো কারণ ওই চিঠিতে উল্লেখ করা হয়নি। পুলিশও এ ঘটনার তদন্ত করছে। আমি পুলিশ ও তদন্ত কমিটিকে সঠিকভাবে সহাযোগিতা করেছি। চুরির ঘটনাকে ভিন্ন খাতে নিতে প্রতিপক্ষ গ্রুপ এমন চক্রান্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তদন্ত কমিটির প্রধান, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া বলেন, কম্পিউটার চুরির সঙ্গে বিশ্ববিদ্যালযের একজন শিক্ষার্থী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ওই ছাত্র তদন্ত কমিটির অব্যাহতি পাওয়া সদস্যের পরিচিত। সে জন্য কমিটির অন্য সদস্যদের সম্মতিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
- বিষয় :
- বশেমুরবিপ্রবি
- কম্পিউটার চুরি
- গোপালগঞ্জ
