ঝালকাঠির ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
ভুয়া রেশন কার্ডে ৪ কোটি টাকার মালপত্র আত্মসাতের অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৮:০২ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১০:১০
| প্রিন্ট সংস্করণ
ভুয়া রেশন কার্ড ব্যবহার করে পুলিশের রেশন স্টোর থেকে প্রায় চার কোটি টাকার মালপত্র আত্মসাতের অভিযোগে ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সের ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে কমিশনের পিরোজপুর কার্যালয়ে মামলাটি করেন।
এজাহারে বলা হয়, আসামিরা সরকারি কাজে নিয়োজিত থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতির মাধ্যমে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ঝালকাঠি পুলিশ লাইন্সের পুলিশ রেশন স্টোর থেকে তিন কোটি ৯৪ লাখ টাকার মালপত্র তুলে আত্মসাৎ করেন।
দুদকের অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ২৫২টি জাল রেশন কার্ড তৈরি করা হয়েছে।
আসামিরা হলেন– ঝালকাঠি পুলিশ লাইন্সের এএসআই মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আরিফ মাহামুদ, মো. আল মামুন, মো. রেজাউল করিম, কাজী রাজীউজ জামান, কনস্টেবল মো. আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, রেশন স্টোরের ওজনদার মো. জহির উদ্দিন ও রেশন স্টোরের বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন। আসামিরা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
- বিষয় :
- পুলিশ
- দুদকের মামলা
