খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্যোন্নয়ন হবে: সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ০৫:০৮
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ৫৩টি এলাকায় এই কর্মসূচি শুরু হবে। খাল খননের মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, কৃষি উৎপাদন বেড়ে কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে।
শুক্রবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, খাল অনেক ভরাট হয়ে গেছে। এসব খাল পুনর্খননের ব্যবস্থা না থাকায় বিগত সরকার কোনো দায়িত্ব নেয়নি। দেশের অর্থনীতিতে খাল খনন ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এতে জলাবদ্ধতা দূর হয়, বর্ষায় অতিরিক্ত পানি বের করে দেওয়া যায়, শুকনার সময় পানি ধরে রাখা যায়। এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির কম ব্যবহার হবে, ওপরের পানি বেশি ব্যবহার হবে এবং মরুভূমি হওয়ার আশঙ্কা কমে যাবে।
উত্তরাঞ্চলের জন্য খাল খনন জরুরি উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, এই অঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় গাছের পরিমাণ খুবই কম। অন্যান্য অঞ্চলে যদি ২০ শতাংশ গাছ হয়, তাহলে আমাদের অঞ্চলে ৮ অথবা ৯ শতাংশ গাছ রয়েছে। ভালো আদর্শ পরিবেশ চাইলে ২০ থেকে ২৫ শতাংশ গাছ থাকা উচিত।
তিনি আরও বলেন, বর্তমান সরকার খাল খননের পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। খাল খননের মাধ্যমে এলাকার সাড়ে তিন লাখ মানুষ পানি ব্যবহার করতে পারবে এবং এর সুফল পাবে। জিডিপিতে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এটা আমাদের স্বেচ্ছাশ্রমের পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে কর্মসূচি সার্থক করব।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সমাজকল্যাণমন্ত্রী
- খাল খনন
- কৃষক
