শিক্ষার্থীদের মাসজুড়ে ফুটপাতে ইফতার
মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনের ফুটপাতে ধনী-গরিবের ইফতার সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
রক্ত নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে গড়ে উঠেছিল মানিকগঞ্জ লাইফ ফর ব্লাড নামে শিক্ষার্থীদের একটি সংগঠন। কিন্তু করোনাকালে পথচারীদের জন্য ফুটপাতে ইফতার আয়োজন করে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো চলছে ফুটপাতে ইফতার।
শনিবার ঘড়ির কাঁটায় বিকেল ৫টা ৩০ মিনিট। মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনের ফুটপাতে একে একে আসতে থাকেন লাইফ ফর ব্লাড নামে সংগঠনের সদস্যরা। কেউ এনেছেন মাদুর, কেউবা খাবার, আবার কেউ নিয়ে এসেছেন প্লেট ও গ্লাস। ইফতারের ১৫ থেকে ২০ মিনিট আগেই রিকশাচালক, ভ্যানচালক, ছিন্নমূল মানুষ, হকার, স্কুল-কলেজের শিক্ষার্থী বসে পড়েন ফুটপাতে বিছানো মাদুরে।
প্লেটে সাজানো হয় ছোলা-মুড়ি, খেজুর, ফলসহ খাসির মাংস দিয়ে রান্না করা খিচুরি। ফুটপাতে বসা রোজাদারদের সামনে দেওয়া হয় প্লেটে সাজানো ইফতার। জায়গা না পেয়ে অনেকে রিকশা, ভ্যানে বসেন। রিকশাচালক বাবু মিয়া বলেন, ‘রোজার সময় দেখি সবাই বসে এখানে ইফতার করে। কয়েক দিন দেখেছি, তবে বসার সাহস পাইনি। এখন দেখি পরিচিত অনেক রিকশাচালক এখানে ইফতার করে। ওদের দেখাদেখি আমিও কয়েকদিন ধরে এখানে ইফতার করছি।’
জাইকার কনসালট্যান্ট রিপন খান বলেন, ‘মনে হচ্ছে আমরা রাস্তার পাশে বসে আছি, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, ভেদাভেদহীন একটা সুন্দর সমাজ। আমি অনুভব করি রাষ্ট্রের সর্বত্র এটা ছড়িয়ে পড়ুক।’
সংগঠনটির সাবেক সভাপতি মুসফিক নিবির জানান, করোনার সময় পথচারীদের কথা চিন্তা করে প্রথমে সাত দিনের জন্য ইফতারের আয়োজন করা হয়। ভালো সাড়া পেয়ে পরের বছর ১৫ দিনের জন্য করা হয়। এরপর তিন বছর ধরে এক মাস করা হয়েছে।
সংগঠনের সদস্য সিয়াম খান বলেন, প্রতিদিন ২০০-৩০০ মানুষ এখানে ইফতার করেন। যেদিন ভারী খাবার থাকে, সেদিন ৪০০ থেকে ৫০০ মানুষ হয়। সংগঠনের ৩১ জন সদস্যের সবাই শিক্ষার্থী।
- বিষয় :
- ইফতার
