১ টাকায় ‘ঈদের খুশি’
সৈয়দপুরের গোলাহাট এলাকায় ১ টাকায় নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশুরা সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
ঈদ উৎসবে মেতে উঠতে প্রস্তুত সবাই। সাধ ও সাধ্যের মধ্যে নতুন জামাসহ যাবতীয় কেনাকাটাও সেরে ফেলেছেন অনেকেই। কিন্তু এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। তাদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি সংগঠন।
গতকাল শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকায় একটি বিদ্যালয় প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১ টাকায় ঈদের নতুন পোশাকের পসরা সাজানো হয় সংগঠনের পক্ষ থেকে। সেখানে শোভা পায় নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। সকাল থেকেই ভিড় জমায় শতাধিক শিশু। ছোট্ট কোমল হাতে ১ টাকার কয়েন শক্ত করে ধরে অপেক্ষা করছিল তারা পছন্দের জামাটি কিনে নিতে। তাদের জন্য মানানসই ও সঠিক মাপের পোশাক পছন্দে সহযোগিতা করেন সংগঠনের সদস্যরা। নতুন পোশাক পেয়ে খুশিতে মাতোয়ারা হয় শিশুরা। ঈদের আগ পর্যন্ত চলবে এ আয়োজন।
শিশু রেহান ও আকাশি জানায়, এখানে ১ টাকায় নতুন জামা দেওয়া হচ্ছে শুনেই তারা ছুটে এসেছে। হাসিমুখে আকাশি বলে, আমি নিজের পছন্দের একটা জামা নিয়েছি। খুব সুন্দর লাগছে। ঈদের দিন এটা পরব। শুধু শিশুদের পোশাকই নয়, এই এক টাকার দোকানে ছিল বড়দের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রিপিসও। দরিদ্র মানুষরাও মাত্র ১ টাকার বিনিময়ে এসব পোশাক সংগ্রহ করেন।
মাত্র ১ টাকায় নতুন পোশাক হাতে পেয়ে মহাখুশি সাবিনা ও কৌশিক। তাদের দু’জনেরই বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। এখনো তাদের জন্য নতুন জামা কেনা হয়ে ওঠেনি।
সাবিনা জানায়, আমার মা বলছিলেন হয়তো এবার নতুন জামা হবে না। কিন্তু এখানে এসে ১ টাকায় নতুন জামা পেলাম। খুব ভালো লাগছে। কৌশিকও নতুন জামা হাতে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, এবার ঈদে নতুন জামা পরে ঘুরতে পারব।
‘আমাদের প্রিয় সৈয়দপুর’-এর সদস্য মিথুন, সামিউল, রাজা, রাব্বি, রকি জানান, সুবিধাবঞ্চিত শিশুরা নতুন কাপড় কিনতে পারে না। তাদের ঈদ বর্ণিল করতেই আমাদের এ আয়োজন। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, তাদের ছোট এ উদ্যোগ অনেক শিশুর ঈদকে করে তুলবে রঙিন আর স্মরণীয়।
- বিষয় :
- ইফতার
