নদীকৃত্য দিবসে হাঁটুজলে নেমে মানববন্ধন
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত দ্য ভয়েস রিভার অব দি মনু ও ধরার মানববন্ধন কর্মসূচিতে সদস্যরা সমকাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৮:০৫
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের মনু, শাখা বরাক, গোপলাসহ বিভিন্ন নদনদী, হাওর, বিল, খালের অস্তিত্ব সংকটে পড়েছে। এসব জলাশয় রক্ষায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে দ্য ভয়েস রিভার অব দ্য মনু এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নামক দুটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
নদী বাঁচাও মানুষ বাঁচাও– স্লোগান ধারণ করে গতকাল দুপুরে জেলা সদরের চাঁদনী এলাকায় মনু নদের হাঁটুজলে দাঁড়িয়ে তারা এ কর্মসূচি পালন করেছেন।
এতে সভাপতিত্ব করেন দ্য ভয়েস রিভার অব দ্য মনুর সভাপতি আ.স.ম. সালেহ সুহেল। আয়োজনে বক্তব্য দেন মৃৎ নাট্যের উপদেষ্টা সালেহ আহমদ খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক কবি শিব প্রসন্ন ভট্টাচার্য শিবন, নাট্যকর্মী জহির উদ্দিন খান বাবর, আইনজীবী মোস্তাফিজুর রহমান চৌধুরী টিটু, পরিবেশকর্মী দেওয়ান মুনাক্কির, বাবুল দেব প্রমুখ।
কুশিয়ারা নদীর মৌলভীবাজার অংশের বাহাদুরপুর নামক স্থান থেকে উৎপত্তি হওয়া শাখা বরাক, হাইল থেকে জন্ম নেওয়া গোপলা নদী অস্তিত্ব সংকটে পড়েছে। এগুলো রক্ষার পাশাপাশি হাওর ও বিভিন্ন বিল, খালের স্বাভাবিক গতিপ্রবাহ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার দাবি জানানো হয়। এদিকে জানা গেছে, মনু নদ রক্ষায় ৯৯৬ কোটি টাকার উন্নয়ন চলছে। কিন্তু মনু নদের বুকে চর জেগে রয়েছে। এসব চর অপসারণ করে পানি ধারণের ক্ষমতা বাড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। বক্তারা বলেন, চর কেটে নদীর ধারণ ক্ষমতা বাড়ালে বর্ষায় বন্যার কবল থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। শুষ্ক মৌসুমে ধারণকৃত পানি ফসলে সেচ ও দেশীয় মাছ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে।
- বিষয় :
- নদী সুরক্ষা
