ইফতার মাহফিলে স্থানীয় নির্বাচনের প্রচার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই শুরু হয়ে গেছে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে গুঞ্জন। এরইমধ্যে সরকারের দিক থেকে ঈদের পর স্থানীয় নির্বাচনের ব্যাপারে আভাসও মিলেছে। দেশের অন্যান্য স্থানের মতো এর প্রভাব পড়েছে জগন্নাথপুরের রাজনৈতিক মহলেও।
চলতি রমজান মাসে প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন এলাকায় চলছে ইফতার মাহফিলের আয়োজন; যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক পাড়ায়। নবনির্বাচিত সংসদ সদস্য, সিটি প্রশাসক থেকে শুরু করে সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সেসব আয়োজনে যুক্ত রাখার চেষ্টা করছেন স্থানীয় নেতা ও আয়োজকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মী জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সরকার ও দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে অনেকেই এমন আয়োজন করছেন। বিশেষ করে প্রবাসীরা; যারা স্থানীয় নির্বাচনে আগ্রহী তাদের দিক থেকে আয়োজনের মাত্রা ভারী। ইফতার অনুষ্ঠানের আড়ালে চলছে নির্বাচনী ও রাজনৈতিক প্রচারণা।
জগন্নাথপুর উপজেলা একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে ঘটিত। প্রবাসীরা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ব্যবসায়ী জানান, দেশের জন্য কাজের ধারাবাহিকতায় তাদের অনেকেই জনপ্রতিনিধি হয়ে স্থানীয়দের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে চান। তাই আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটেও সরব হতে ইচ্ছুক তারা।
মূলত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জনমত গঠনে প্রচার চালিয়ে যাচ্ছেন আয়োজকদের অনেকেই। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং পরিচিতি সৃষ্টিতে এমন আয়োজন করছেন তারা। এদিকে রমজানের শেষ পর্যায়ে ইফতার পার্টির সঙ্গে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণেরও আয়োজন করছেন কেউ কেউ।
জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপির আহ্বায়ক আবুহোয়ারা ছাদ বলেন, উপজেলার প্রবাসী ও বিত্তবানরা রমজানের হাদিয়ার পাশাপাশি সামাজিক মেল বন্ধনের সম্প্রীতি রক্ষায় অবদান রাখেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমান বলেন, রমজান উপলক্ষে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে মিলনমেলা ঘটে। এটি মুসলমানদের ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটায়। যদিও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়, তা-ও মিথ্যা নয়।
জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অমিত কান্তি দেব বলেন, পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের মাধ্যমে সম্প্রীতির মিলন মেলা ঘটছে। এতে করে সামাজিক বন্ধন দৃঢ় হচ্ছে।
- বিষয় :
- ইফতার
