ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুরে ১৬ মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুরে ১৬ মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যা
×

রংপুর অফিস

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৪:৫৩

রংপুরে ১৬ মাস বয়সী নিজের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে সূচনা ঘোষ নামে ওই নারী ও তার শিশু সন্তান জয়দেব ঘোষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সূচনা ঘোষের স্বামীর নাম শংকর ঘোষ। এই দম্পতির সংসারে আরও দুই মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, সূচনা ঘোষ তার ১৬ মাস বয়সী ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি প্রথমে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এ কারণে বিভিন্ন সময় তাকে চিকিৎসাও দেওয়া হয়েছে। মানসিক অবসাদ থেকেই ছেলেকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সমকালকে বলেন, ‌‘পরিবারটি অভাব-অনটন ও পারিবারিক অশান্তিতে ছিল। তবে পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটেছে—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

আরও পড়ুন

×