নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ২১:২৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় শরীফুল ইসলাম শরীফ নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শরীফ উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক।
জানা গেছে, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও আয়ার নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। শুক্রবার ছিল ওই পদ দুটির নিয়োগ পরীক্ষা। পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়া চলার সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনওর কার্যালয়ে আসেন। সে সময় নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বলেন জামাল। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি নেতা ইরফান আলী, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, যুবদলের নেতা মো. ফারুক, মোখলেসুর রহমানসহ ২৫ থেকে ৩০ নেতাকর্মী। তারা ইউএনওর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নেতাকর্মীরা নিয়োগের কাগজপত্র ছিনিয়ে নিয়ে কার্যালয় থেকে সরে যান।
এ ঘটনায় শুক্রবার রাতে হরিপুর থানায় মামলা করেন মেদিনী সাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। মামলায় বিএনপির ছয় নেতার নাম উল্লেখ করা হয়েছে। আরও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। প্রধান আসামি হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন। এ ছাড়া উপজেলা বিএনপি নেতা ইরফান আলী, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মোকলেসুর রহমান, মো. ফারুক, মাসুদ রানাসহ মোট ছয়জনের নাম উল্লেখ করে আরও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- নিয়োগ পরীক্ষা
- ছিনতাই
- গ্রেপ্তার
