ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মকর্তারা দুর্নীতিমুক্ত না হলে চলে যেতে হবে, বললেন কুসিক প্রশাসক

কর্মকর্তারা দুর্নীতিমুক্ত না হলে চলে যেতে হবে, বললেন কুসিক প্রশাসক
×

নবনিযুক্ত কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৬:৩০

দায়িত্ব নিয়েই কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেছেন, ‘এ সিটি করপোরেশন বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। কিন্তু আজ থেকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিচ্ছি। ইন-শা-আল্লাহ আমি নীতি-নৈতিকতা, সততা এবং আদর্শ দিয়ে এ সিটি করপোরেশনকে পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব। এই দুর্নীতিগ্রস্ত সিটি করপোরেশনকে নগরবাসীর সেবার কেন্দ্রস্থলে পরিণত করব।’

সোমবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক (অতিরিক্ত সচিব) শাহ আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে প্রশাসক বলেন, ‘আপনাদের হয় দুর্নীতি ছাড়তে হবে, অন্যথায় কুমিল্লা সিটি করপোরেশন ছেড়ে পছন্দের জায়গায় চলে যেতে হবে।’

টিপু বলেন, ‘আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আমরা তার কর্মী হিসেবে অবশ্যই তা মাঠে বাস্তবায়ন করব। আমি দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণের নগরবাসীর সহযোগিতা কামনা করছি। জনগণের সেবা করার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমার মাঝে যেন এই চেয়ারের কোন অহংকার এবং অহমিকা কাজ না করে আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি। এসময় তিনি গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।  

নগরীর অন্যতম সমস্যা যানজট, জলাবদ্ধতা, মশার উপদ্রব, বেহাল রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে প্রশাসক বলেন, ‘ঈদের আর ২/৩ দিন বাকি আছে। মঙ্গলবার থেকেই যানজট নিরসনে আমরা কাজ শুরু করব। নগরবাসী যাতে মশারি ছাড়া ঘুমাতে পারে সেই লক্ষ্যে আপাতত ঝুকিপূর্ণ ৪টি ওয়ার্ড চিহিৃত করে মশক নিধন কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ড মশকমুক্ত করা হবে।’

নগরীর চলমান উন্নয়ন কাজের বিষয়ে কুসিক প্রশাসক বলেন, ‘নাগরিকদের ট্যাক্সের টাকায় করা উন্নয়ন কাজের শতভাগ স্বচ্ছতা না থাকলে আমি কোনো বিলে স্বাক্ষর করব না।’ এছাড়াও নগরীর জলাবদ্ধতা এবং অন্যান্য সমস্যাগুলো নিয়েও কাজ শুরু করবেন বলে জানান প্রশাসক টিপু। 

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, মো. মাঈন- উদ্দিন চিশতীসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×