ভুল ইনজেকশন পুশে ২ মৃত্যু: শেবাচিম হাসপাতালের সেবিকাকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ২০:৪০
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ‘ভুল ইনজেকশন পুশ’ করায় দুই রোগীর মৃত্যু ঘটনায় এক সেবিকাকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ করা হয়েছে। হাসপাতালের গঠিত তদন্ত কমিটি আজ সোমবার এ সুপারিশ করে।
শেবাচিম হাসপাতালের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, জমা দেওয়া প্রতিবেদনে নাক-কান-গলা বিভাগের সেবিকা মলিনা রাণী হালদারকে দায়ী করে তদন্ত কমিটি বাধ্যতামূলক অবসরের সুপারিশ করেছে।
সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে মলিনা ভায়েল ভেঙে সিরিঞ্জে নেন এবং অপর সেবিকা হেলেন অধিকারী রোগীর শরীরে পুশ করেন। এক্ষেত্রে ভুল ভায়েল ভাঙার জন্য মালিনা এককভাবে দায়ী। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর মলিনা রাণীকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কেএম মুশিউল মুনিম। তবে এ বিষয়ে জানতে পরিচালকের মুঠোফোনে একাধিক কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন রোগী হেলেনা বেগম (৪৮) ও শেফালী বেগমকে (৭০) রোববার সকালে ‘ভুল ইনজেকশন পুশ’ করায় মৃত্যু হয়। ওইদিন তাদের অস্ত্রপচার করার কথা ছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওয়ার্ডে তাদের ইনজেকশন পুশ করেন ওই দুই নার্স। এন্টিবায়োটিকের বদলে ভুলে অ্যানেসথেশিয়া (শরীর অবশ করার) ইনজেকশন দেওয়া হয়। এর পাঁচ মিনিটের ব্যবধানে দুই রোগী মারা যান।
এ ঘটনায় সেবিকা মলিনা রানী হালদার ও হেলেন অধিকারীকে রোববার সন্ধ্যায় সাময়িক বরখাস্ত করা হয়। নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ১ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
