ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় পুড়িয়ে শিশুকে হত্যার অভিযোগ 

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় পুড়িয়ে শিশুকে হত্যার অভিযোগ 
×

রাইসা আক্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ২১:৫৪

বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের এক শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। শিশু রাইসা আক্তার বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে।

অভিযুক্ত কিশোর একই এলাকার। 

রাইসার পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য। সে রাইসাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। রাইসা তাতে রাজি না হওয়ায় তার শরীরে আগুন দেয় সে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাইসার মৃত্যু হয়। 

মৃত্যুর আগে শিশু রাইসার দেওয়া জবানবন্দির একটি ভিডিও সমকালের হাতে এসেছে। সেখানে রাইসাকে বলতে শোনা যায়, ‘আমাকে খারাপ জিনিস কইছে, আমি রাজি হই নাই তাই সে আমার গায়ে আগুন দিছে।’ 

গতকাল রোববার দুপুরে রাইসাকে একা পেয়ে অভিযুক্ত কিশোর তার পথরোধ করে। এ সময় তাকে টেনে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করলে রাইসা চিৎকার শুরু করে। পরে সে পরিকল্পনা অনুযায়ী, রাইসার শরীরে আগুন দেয়। ঘটনার সময় রাইসার চিৎকারে পাশের বাড়ির বাসিন্দা তসলিম বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়। ঢাকার হাসপাতালে ভর্তির পর আজ সোমবার ভোরে রাইসার মৃত্যু হয়।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, রাইসার শরীরে থার্ড ডিগ্রি বার্ন হয়েছে। কাপড় পুড়ে চামড়ার সঙ্গে লেগে গেছে। এমন পরিস্থিতিতে রোগীর বাঁচার সম্ভাবনা কম থাকে। তারপরও ঘটনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা গেলে কিছুটা আশা ছিল।

বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিদগ্ধ হয়ে রাইসার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাইসা হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার পর অভিযুক্ত অভিযুক্ত কিশোর পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তের বাবা এসব ঘটনার কিছুই জানেন না বলে দাবি করেছেন।

আরও পড়ুন

×