ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিজিএফের চালে ভাগ বসাচ্ছেন চেয়ারম্যান

ভিজিএফের চালে ভাগ বসাচ্ছেন চেয়ারম্যান
×

 জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে ঈদ উপলক্ষে বরাদ্দ ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে। সুবিধাভোগীদের দাবি, ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তাদের ধরিয়ে দেওয়া হচ্ছে আট থেকে সাড়ে আট কেজি চাল। গতকাল সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় এই অনিয়মের চিত্র দেখা গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী, ডিজিটাল মিটারে মেপে চাল দেওয়ার কথা থাকলেও বড়তারা ইউনিয়নে প্লাস্টিকের বালতি ব্যবহার করে চাল দেওয়া হচ্ছে। বিতরণ করা চাল ফের ওজন করে দেখা যায়, প্রতিজন সুবিধাভোগীকে এক থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে। সুবিধাভোগী আজু বালাসহ বেশ কয়েকজন নারী অভিযোগ করেন, কম দেওয়ার প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের চাল না দেওয়ার হুমকি দিয়েছেন।

চাল বিতরণের সময় নিয়ম অনুযায়ী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও একজন ট্যাগ অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। বড়তারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান ফজলে রাব্বী জানান, তিনি অফিসের কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে ট্যাগ অফিসার সামিউল আলম সকালে বিতরণের উদ্বোধন করে চলে যান। তিনি বলেন, ‘সকালে ১০ কেজি দিয়ে উদ্বোধন করে এসেছি, পরে কম দিলে সেই দায়ভার তাদেরই নিতে হবে।’
অনিয়মের বিষয়ে বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘১০ কেজি করেই দেওয়া হচ্ছে। তবে দু-একজনের ক্ষেত্রে হয়তো ২০০ থেকে ৩০০ গ্রাম কম যেতে পারে, যা স্বাভাবিক। দেড় কেজি কম দেওয়ার অভিযোগ সত্য নয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান ঘটনাস্থলে এসে জানান, চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

×