ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুনারুঘাটে জি. কে. গউছ

খাল খননে দুর্নীতি সহ্য করা হবে না

খাল খননে দুর্নীতি সহ্য করা হবে না
×

চুনারুঘাটে খাল পুনর্খননের উদ্বোধন করছেন হুইপ জি. কে. গউছ ও সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:৪০

| প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদে হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি. কে. গউছ বলেছেন, কৃষিকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষি উৎপাদন বাড়াতে হলে পানির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশের নদী, খাল-বিল ও জলাধারগুলোকে তাদের আগের পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই খাল খননের কাজ শেষ করতে হবে এবং এতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।
সোমবার সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় বুচিনালা খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফীন।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের করের টাকা যেন সঠিকভাবে উন্নয়ন কাজে ব্যয় হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে। সরকার যখন যা দেবে, তা জনগণকে জানিয়ে দেওয়া হবে; কোনো লুকোচুরি থাকবে না।
তিনি আরও বলেন, খাল পুনর্খনন কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। খালটি পুনর্খনন হলে সেচ সুবিধা বাড়বে এবং কৃষকদের কৃষিকাজ অনেক সহজ হয়ে উঠবে। 

আরও পড়ুন

×